মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে চরমপন্থী নেতা রানা প্রতাপ হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামী সাদ্দাম হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বুধবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার কয়লা বাজার এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশের একটি চৌকস দল। আটক সাদ্দাম হোসেন খুলনা জেলার ফুলতলা উপজেলার পিপরাইল জামিরা গ্রামের নাজের হোসেনের ছেলে। ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর কামরুজ্জামান জানান, রানা প্রতাপ হত্যাকা-ের পর থেকেই পুলিশ জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জোর তৎপরতা চালিয়ে যায়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে এ হত্যাকা-ের সঙ্গে কয়েকজনের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে জানা যায়। তাদের মধ্যে সাদ্দাম হোসেন অন্যতম বলে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে তাকে রামপাল কায়লা বাজার থেকে আটক করে ডিবি পুলিশ। তিনি আরও জানান, গত বৃহস্পতিবার সাদ্দাম হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনে তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাতে মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারের একটি ক্লিনিকের পাশে চরমপন্থী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন চরমপন্থী রানা প্রতাপ। পুলিশের ধারণা, চরমপন্থী সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকা- ঘটতে পারে। এই মামলায় এর আগে মিজানুর রহমান নামে আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।