পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা : উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পলাশবাড়ী চৌমাথা মোড়ে ফ্লাইওভার ও চার লেন সড়ক নির্মাণের পরও যানজট কমেনি। বরং অব্যবস্থাপনা ও অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
এলেঙ্গা-হাটিকুমরুল হয়ে রংপুর পর্যন্ত প্রায় ১৯০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে পলাশবাড়ীতে নির্মিত ফ্লাইওভার উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গতি আনার কথা ছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, চৌমাথা এলাকায় প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধীরগতির যানবাহনÑ সিএনজি, ইজিবাইক, অটোরিকশা ও ভ্যান-রিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় চালকরা যত্রতত্র দাঁড় করাচ্ছেন। এতে মূল সড়কের একটি বড় অংশ কার্যত দখল হয়ে যাচ্ছে। একই সঙ্গে ফুটপাত দখল করে দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে ওঠায় পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে যাত্রী ওঠানামার সময় রিকশা ও অটোরিকশাকে মূল সড়কের একেবারে পাশে থামতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে কারণ চৌমাথা সংলগ্ন এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পারাপার হতে হচ্ছে। সচেতন মহলের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অবৈধ দখল উচ্ছেদ করে ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করা এবং ধীরগতির যানবাহনের জন্য পরিকল্পিত স্ট্যান্ড নির্মাণ জরুরি। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় কড়াকড়ি আরোপ ও নিয়মিত মনিটরিংয়েরও দাবি উঠেছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জানান, জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।