রাজশাহী নগরীর কোর্ট হড়গ্রাম এলাকার ভাড়া বাসায় সাংবাদিক কামাল মালিকের স্ত্রী রওশন আরার রহস্যজনক মৃত্যু হয়েছে। সাংবাদিক নিজেও বাসায় গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তার প্রকৃত নাম গোলাম কিবরিয়া। শুক্রবার রাত সাতটার দিকে বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। তার গলায় একটি কাপড় প্যাঁচানো ছিল। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। সাংবাদিকের হাতে ও পায়ে জখম আছে। তিনি একধরনের রাসায়নিক দ্রব্য পান করেছিলেন। তাঁর অবস্থাও সংকটাপন্ন। পুলিশ জানিয়েছে, বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিলো। দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়েছে। মেঝেতে রওশন আরা পড়ে ছিলেন। আর বিছানায় আহত অবস্থায় ছিলেন গোলাম কিবরিয়া। পরে দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।