বাগেরহাটের মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৭ হাজার ৫০০ টন গম খালাস কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে পানামা পতাকাবাহী ‘আলট্রাবাল্ক’ নামের একটি জাহাজে সংরক্ষিত গমের নমুনা পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এই খালাস কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে জাহাজটি গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে নোঙর করে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট প্রতিষ্ঠান ‘সেভেন সিসে’র ব্যবস্থাপক শামিম জানান, গত বছরের ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড, ওরেগন বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি। দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে এটি চলতি বছরের ২৯ জানুয়ারি মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে পৌঁছায়। এরপর নিয়ম অনুযায়ী গমের নমুনা সংগ্রহ ও মান যাচাই শেষে রবিবার সকাল থেকে খালাস কার্যক্রম শুরু হয়।
মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান সরদার জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত ‘জি টু জি’ (Government to Government) চুক্তির আওতায় এই গম আমদানি কার্যক্রম পরিচালিত হচ্ছে। চুক্তি অনুযায়ী মোংলা বন্দরের মাধ্যমে মোট চার লাখ ৫০ হাজার টন গম আমদানি করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে বন্দরে অবস্থানরত এই জাহাজটি ওই চুক্তির আওতায় আসা গমের চতুর্থ চালান বহন করছে।
তিনি আরও জানান, এর আগে গত বছরের ২ নভেম্বর প্রথম চালানে ২২ হাজার ৭৮০ টন, ১৪ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন এবং চলতি বছরের ৫ জানুয়ারি তৃতীয় চালানে ২২ হাজার ৭৫৬ টন গম আমদানি করা হয়। এসব গম প্রথমে মোংলা সাইলোতে সংরক্ষণ করা হয় এবং পরে সেখান থেকে দেশের বিভিন্ন জেলার সরকারি খাদ্য গুদামে সরবরাহ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস এবং খাদ্য নিরাপত্তা জোরদারের লক্ষ্যে গত বছরের জুলাই মাসে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। পাঁচ বছর মেয়াদি এই চুক্তির আওতায় পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হচ্ছে।