ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্য ও বাস চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। ময়মনসিংহ- শেরপুর সড়কের ফুলপুর সদরের কাড়াহা নামকস্থানে বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনাবাহিনী ৮-ই বেঙ্গলের গাড়ির চালক সার্জেন্ট মোঃ রেজাউল করিম ও শেরপুর জেলার কানাসাখোলা গ্রামের বাস চালক সাজেদুল ইসলাম বিসু।
সেনাবাহিনী ও পুলিশ সুত্র জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালন শেষে ফুলপুর আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি তিনটনি গাড়ি মালামাল নিয়ে ময়মনসিংহে ফিরছিল। ঘটনাস্থলে ঢাকা থেকে শেরপুরের বকশিগঞ্জগামী খান ট্রাভেলস সার্ভিসের একটি বাস শেরপুরগামী সোনার বাংলা সার্ভিসের অপর একটি বাসকে ওভারটেক করতে গেলে সেনাবাহিনীর গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সম্মুখভাগ দুমড়ে মুছরে চালকসহ অনেকে আটকা পড়েন। পিছনে গাড়ি বহরে থাকা সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস দলের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথে সেনাবাহিনীর গাড়ির চালক সার্জেন্ট মোঃ রেজাউল করিম ও বাসচালক সাজেদুল ইসলাম বিসুর মৃত্যু ঘটে। ফুলপুর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাহাত চৌধুরী জানান, এ ঘটনায় আহত ১১ জনকে ফুলপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া এক সেনাসদস্যসহ গুরুতর আহত ৮ জনকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। ফুলপুর থানার ওসি মোঃ রাশেদুল হাসান জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।