নেত্রকোণা সংবাদদাতা : নেত্রকোণার বারহাট্টায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযুক্ত মামলার আসামী মো. গোলাম কিবরিয়াকে (২৮) আদালত কারাগারে পাঠিয়েছেন। আজ সোমবার দুপুরে তিনি নেত্রকোণা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম।
অভিযুক্ত মো. গোলাম কিবরিয়া বারহাট্টা চন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোরীর সঙ্গে গোলাম কিবরিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। তাঁর একাজে প্রতিবেশী পারুল আক্তার (৪০) নামের এক নারী সহায়তা করেন। সর্বশেষ গত ৫ এপিল দুপুরে পারুল আক্তার কৌশলে কিশোরীকে ডেকে নিজের ঘরে নিয়ে যান। সেখানে অবস্থান করা কিবরিয়াকে রেখে বের হয়ে ঘরের দরজার সিটকিরি লাগিয়ে তিনি বাইরে অপেক্ষা করেন। সুযোগ পেয়ে ওই কিশোরীকে ভয় ভীতি দেখিয়ে জোর করে ধর্ষণ করেন কিবরিয়া। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কিবরিয়ার কাছে বিয়ের দাবি জানালে তিনি স্বীকৃতি জানান। পরে কিশোরীর বাবা বাদী গত ৩ সেপ্টেম্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামালা করেন। ওই দিন রাতে পুলিশ পারুল আক্তারকে গ্রেপ্তার করে। গত ২২ ডিসেম্বর কিশোরী নেত্রকোনা আধুনিক সাধারণ হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেয়। বর্তমানে শিশুটি অসুস্থ হয়ে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আজ সোমবার দুপুরে অভিযুক্ত গোলাম কিবরিয়া আদালতে হাজিরা দিতে গেলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।