মতলব (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তরে বিভিন্ন গ্রামে নিয়মিত জুয়ার জমজমাট আসর বসছে। কৃষক, শ্রমিক, বিভিন্ন পেশাজীবীসহ উঠতি বয়সের যুবকরা এতে সামিল হচ্ছে। জুয়ার আসরের পার্শেই দেদাড়ছে বিক্রি হচ্ছে মাদক। সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত সটাকী, বাবু বাজার, দশানী, মোহনপুর, এখলাছপুর, সুজাতপুর, নতুন বাজার, কালীরবাজার, সাহেব বাজার, সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী সওদাগর বাড়ি, ছেংগারচরসহ বিভিন্ন গ্রামে জুয়ার আসরে উড়ছে হাজার হাজার টাকা।
মাদকের মতোই জুয়ার ছোবলে নিঃস্ব হয়ে পড়েছে অনেকে। জুয়া খেলাকে কেন্দ্র করে ঘরে ঘরে চলছে পারিবারিক কলহ। উঠতি বয়সী যুবক বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিয়ে যত উদ্বেগ অভিভাবকদের। জুয়া বন্ধে পুলিশের তৎপরতা না থাকায় দিন দিন সমাজে এ ক্ষতিকর কর্মের প্রবণতা বেড়েই চলেছে।
স্থানীয়দের অভিযোগ, কতিপয় রাজনৈতিক নেতা, জুয়ার আসর থেকে নিয়মিত মাসোয়ারা নিয়ে থাকে। ফলে জুয়া খেলা বন্ধ হচ্ছে না।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দশানী নদীর পাড়ে জুয়া খেলা হচ্ছে। নদীর আশপাশে বিভিন্ন বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসছে। সটাকী বাজার ও কালির বাজারের কয়েকটি দোকানে দীর্ঘদিন ধরে চলছে জুয়া। নন্দলালপুরের সিরাজ বেপারীর বাড়ি ও আশেপাশের বাগানে জুয়া খেলা হয় রীতিমতো। এ ছাড়া, ইমামপুর, হানিরপাড়, পালালোকদিসহ সব এলাকাতেই কম বেশি জুয়া খেলা হয়। আর এ জুয়া খেলাকে কেন্দ্র করে প্রায়ই ঘটছে সহিংস ঘটনা।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছ, ছেংগারচর বাজারের আশ পাশের এলাকায় ৮ থেকে ১০ টি পয়েন্টে বসে নিয়মিত জুয়া ও মাদকের আসর।
সূত্র মতে, বাবু বাজার এলাকায় সন্ধা থেকেই মধ্যরাত পর্যন্ত চলে জুয়া খেলার আসর। ইয়াবা সম্রাট জনির বাড়িতে বসে জমজমাট জুয়া ও মাদকের আসর। ওই দুটি স্থানে চলে জুয়া খেলা এছাড়াও সাদুল্লাপুর আশ্রয়ন প্রকল্প ও দূর্গাপুর আশ্রয়ন প্রকল্পে চলে মাদক বিক্রি ও ইয়াবা সেবনের আসর এবং কয়েকটি স্থানেও বসে জুয়ার আসর। অন্যদিকে আশ্রয়ন প্রকল্প গুলো এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে।