বাঘা (রাজশাহী) সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ৪ প্রার্থী এক মঞ্চে নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি পালনের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে বাঘা ও চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শাম্মী আক্তার। স্বাগত বক্তব্য রাখেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। নির্বাচন আচরণ বিধিমালা বিষয়ে উপস্থাপন করেন বাঘা উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন ক্লান্তি চক্রবর্তী। অনুষ্ঠানে অংশ নিয়ে ইশতেহার ঘোষণা করেন এক মঞ্চে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা), জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ (হাতপাখা)। প্রার্থীরা তাদের বক্তব্যে নিজ নিজ নির্বাচনি ইশতেহার ও ভোটের পরিবেশ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু রাখতে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ বিভাগ) বেলায়েত হোসেন। তিনি বলেন, আর যেন দূর্যোগ পরিস্থিতিতে পড়তে না হয় এবং মত প্রকাশের স্বাধীনতা যেন ক্ষুন্ন না হয়। আমরা কোন প্রার্থীর প্রতি অন্ধ ভালবাসা দেখাবো না । প্রত্যেক প্রার্থী আমাদের কাছে সমান মর্যাদাপূর্ণ। ঘোষণা পাঠ অনুযায়ী আচরণ বিধিমেনে না চললে কঠোর হতে হবে। বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।