গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : দীর্ঘ চার দশক পর চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ডক্টর মিজানুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান মোট ১৮৪টি ভোটকেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৫২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব আমিনুল ইসলাম, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ছিলেন, তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৩২ ভোট। ফলে ড. মিজানুর রহমান ১৪ হাজার ৯৯৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এ আসনে মোট ৭৪.৬৮ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, সর্বশেষ ১৯৮৬ সালে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মীম ওবাইদুল্লাহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আফসার আলীকে ৫২ ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন। দীর্ঘ ৪০ বছর পর আবারও জামায়াতের প্রার্থী এ আসনে বিজয়ী হলেন।
গত শুক্রবার বিকাল ৪টার দিকে নাচোলের জেলা পরিষদ ডাকবাংলো মাঠে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে গণসংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার প্রধান লক্ষ্য।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহইয়া খালেদ, উপজেলা আমীর ইয়াকুব আলী, সেক্রেটারি মোবারক হোসেন, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর আমীর মনিরুল ইসলাম, নায়েবে আমীর রফিকুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের প্রত্যাশা, নবনির্বাচিত এমপি এলাকার উন্নয়ন, শিক্ষা, কৃষি ও অবকাঠামো খাতে কার্যকর ভূমিকা রাখবেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনকে নতুন উচ্চতায় পৌঁছে দিবেন।