মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শহর শাখার উদ্যোগে যশোর প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬মার্চ) বিকাল ৪টায় আয়োজিত এ সভায় দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

যশোর শহর আমির মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার আমির ও যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিপি আব্দুল কাদের।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, অফিস সেক্রেটারি নুর-ই-আলী নুর আল মামুন, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, জেলা কর্মপরিষদের সদস্য আবুল হাশেম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জন্য শুধু আনন্দের নয়, দায়িত্বেরও দিন। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে ন্যায়, সততা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং স্বাধীনতার মূল আদর্শকে বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে।

তিনি জাতির কল্যাণে আত্মত্যাগের আদর্শ ধারণ করার ওপর গুরুত্বারোপ করে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি ভিপি আব্দুল কাদের বলেন, স্বাধীনতার মূল চেতনা হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। আজকের দিনে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। তিনি তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস ও স্বাধীনতার মূল্যবোধ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা ইসমাইল হোসেন মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।