সিলেটের ৩ জেলার সচেতন মহলে হতাশা বিরাজ করছে। নতুন সরকারের মন্ত্রিসভা দেখে তাদের মধ্যে এ হতাশা দেখা দিয়েছে। আলোচনায় থাকলেও নতুন সরকারের মন্ত্রিসভায় সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের কেউই মন্ত্রিসভায় স্থান পাননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সিলেটের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতেই বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ জাতীতাবাদী দল-বিএনপি। সেই হিসাবে এই বিভাগে আরও বেশি মন্ত্রী বা প্রতিমন্ত্রীর প্রত্যাশা ছিল প্রায় সবার। বিশেষ করে বিএনপি রাজনীতির সাথে জড়িত নেতাকর্মীদের মধ্যে এই প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া।

কিন্তু গত মঙ্গলবার মন্ত্রিসভা শপথগ্রহণ করার পর দেখা যায়, সেখানে সিলেটের দু’জন মন্ত্রী স্থান পেলেও ওই তিন জেলা থেকে কোনো মন্ত্রী নেওয়া হয়নি। পরে রাতে প্রতিমন্ত্রী পদমর্যাদায় সিলেট বিভাগ থেকে আরেকজনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। তিনিও সিলেট জেলার বাসিন্দা। এ অবস্থায় সিলেট বিভাগের তিন জেলায় চরম হতাশা বিরাজ করছে। সচেতন মহলতো বটে, এমনকি বিএনপি নেতাকর্মীদের মধ্যেও সেই হতাশা দেখা দিয়েছে।

সুনামগঞ্জের নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা বলেন. তিনজন মন্ত্রী উপদেষ্টা নিয়োগ দেওয়া হলেও তারা সবাই সিলেট জেলার। অথচ সুনামগঞ্জ থেকে অন্তত একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিলে হাওলাঞ্চলের রাজধানীখ্যাত এই জেলাটির উন্নয়ন ত্বরান্বিত হতো। যোগ্য মানুষ যে ছিলেন না, তেমন নয়। কিন্তু নেওয়া হল না।

একই অভিযোগ হবিগঞ্জের এক ইউনিয়ন বিএনপি নেতা মফুর আলী বলেন, আমরা সবকটি সিট দিয়েছি। আমাদের ভোটে বড় ব্যবধানে জয় পেয়েছে প্রিয় সংগঠন। কিন্তু যোগ্যতাসম্পন্ন মানুষ থাকা সত্ত্বেও মন্ত্রিপরিষদে হবিগঞ্জের কোনো প্রতিনিধি নেই। এমন হতাশা বিরাজ করছে মৌলভীবাজারেও।