গাজীপুরে জলাবদ্ধতা নিরসন ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে গাছা খাল খনন প্রকল্পকে অগ্রাধিকারমূলক কর্মসূচি হিসেবে বাস্তবায়ন করছে সরকার। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া।
পরিদর্শনকালে তিনি খাল খনন কার্যক্রমের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ), মোঃ সোহেল রানা, পানি উন্নয়ন বোর্ড গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল মোহাম্মদ মোজাহেরুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সরেজমিনে দেখা যায়, খাল খননের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং কিছু অংশে অগ্রগতিও দৃশ্যমান। তবে প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে কাজের গতি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কাজের মান বজায় রেখে দ্রুত অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান।
এছাড়া খননকৃত মাটি যথাযথভাবে ব্যবস্থাপনার জন্যও নির্দেশনা দেওয়া হয়, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা পায় এবং আশপাশের জনভোগান্তি সৃষ্টি না হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গাছা খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূরীকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।