উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিশুদের খাদ্য ও চিকিৎসা ফ্রী করে দিবে। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে ডাক্তার নেই। জনগণের চিকিৎসা সেবা নিতে ভোগান্তিতে থাকতে হচ্ছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন করে এমবিবিএস ডাক্তার নিয়োগ করবো। জনগণের চিকিৎসা সেবা সহজ করে দিবো। মিল কল-কারখানা ইন্ডাস্ট্রি তৈরি করে বেকার যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করবো। ছাত্রছাত্রীদের এসএসসি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করবো।

গতকাল শনিবার বাঙ্গালা ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে মা-বোনেরা সর্বোচ্চ মর্যাদায় বসবাস করবে। মা-বোনেরা অফিস, আদালত, ব্যাংক, বীমায় নিরাপত্তার সাথে চাকরি করবে। যেখানে গ্রাহক হিসেবে মা-বোনেরাই থাকবে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠান থাকলে সবাই স্বাধীনভাবে কাজ করতে পারবে।

তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ন্যায় ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিন। এবং গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে রায় দিন যাতে করে নতুন করে কেউ স্বৈরাচারী হতে না পারে।

বাঙ্গালা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম বুলবুল সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, সিরাজগঞ্জ বারের সদস্য এডভোকেট আবু তালেব, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।