গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর পশ্চিম পাড়া জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত গভীর রাতে সংঘটিত এ ঘটনায় মসজিদের সৌর বিদ্যুতের ব্যাটারি, দেয়াল ঘড়ি ও দানবাক্সের নগদ অর্থ চুরি হয়ে গেছে। স্থানীয়দের দাবি, চোরেরা প্রায় ৮০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
মসজিদের সভাপতি ও খতিব হাজি মোহাম্মদ সাইফুল্লাহ জানান, তিনি প্রতিদিনের মতো ভোরে ফজরের আজান দিতে এসে মসজিদের উত্তর পাশের বারান্দার গ্রিল ভাঙা অবস্থায় দেখতে পান। বিষয়টি দেখে তার মনে শঙ্কা জাগে। পরে ভেতরে প্রবেশ করে দেখেন, মসজিদে থাকা সৌর বিদ্যুতের ব্যাটারি, দেয়াল ঘড়ি এবং দানবাক্সের টাকা কিছুই নেই। পবিত্র ইবাদতখানায় এমন দৃশ্য দেখে তিনি গভীরভাবে মর্মাহত হন এবং সঙ্গে সঙ্গে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীকে খবর দেন।
খবর পেয়ে এলাকাবাসী দ্রুত মসজিদে ছুটে আসেন। পবিত্র এ স্থান থেকে চুরির ঘটনায় তাদের মাঝে তীব্র ক্ষোভ ও বেদনার সৃষ্টি হয়েছে। অনেকেই আবেগাপ্লুত কণ্ঠে বলেন, যেখানে মানুষ ইবাদত করতে আসে, সেই স্থানও আজ চোরদের হাত থেকে রক্ষা পাচ্ছে না-এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
স্থানীয়দের অভিযোগ, মসজিদের আশপাশে কিছু উচ্ছৃঙ্খল যুবক প্রায়ই গভীর রাতে জুয়া খেলা ও মাদক সেবনে লিপ্ত থাকে। দীর্ঘদিন ধরে তাদের এমন কর্মকাণ্ড নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এ ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করছেন অনেকে।
এলাকাবাসী দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের চুরি শুধু সম্পদের ক্ষতি নয়, বরং এটি ধর্মীয় মূল্যবোধের ওপরও আঘাত।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।