রাজধানীর গেন্ডারিয়ার ৪০ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্ন কর্মীনিবাসে ঢাকা-৬ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মাদ আব্দুল মান্নানের এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তিনি সমাজের উন্নয়নে পরিচ্ছন্নকর্মীদের অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

গতকাল শনিবার ওয়ারী তেলেগু সমাজ উন্নয়ন সংঘের সভাপতি এম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাঁড়িপাল্লার প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুল মান্নান।

বক্তব্যে তিনি বলেন, পরিচ্ছন্নকর্মীরা সমাজের সবচেয়ে সম্মানিত এবং অপরিহার্য অংশ। আপনাদের নিরলস পরিশ্রমের কারণেই আমরা একটি বাসযোগ্য শহর পাই। এসময় তিনি পরিচ্ছন্নকর্মীদের ‘স্যালুট’ জানান এবং তাদের জীবনমান উন্নয়নে পরিচ্ছন্ন কর্মীনিবাসের অবকাঠামোগত সমস্যা সমাধান ও এলাকাভিত্তিক উন্নয়ন, পরিচ্ছন্নকর্মীদের সন্তানদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি চালু করাসহ কর্মীদের সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রশাসনিক ও আর্থিক সহযোগিতার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেন্ডারিয়া উত্তর থানা জামায়াতের আমীর গোলাম আজম, ওয়ারী পঞ্চায়েত পরিষদের সরদার শিবরাত্রি অপারু, তেলেগু ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি রি অপরাহু,পঞ্চায়েত পরিষদের টিএস রাজু চন্দ্র দাসসহ সোসাইটির বিশিষ্টজনেররা।

অনুষ্ঠানের এক পর্যায়ে তেলেগু সমাজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে ড. মান্নানের নিকট তাদের বিভিন্ন সমস্যা ও দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করা হয়। পরে সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বক্তারা আশা প্রকাশ করেন, ড. মান্নান নির্বাচিত হলে এই অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখবেন।