পাইকগাছা (খুলনা) সংবাদদাতা : ‎খুলনার পাইকগাছায় রাতের আঁধারে ফসলি জমির মাটি ভেকু দিয়ে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত আলহাজ্ব আব্দুল গফুর গাজীর ছেলে কামাল হোসেনের মালিকানাধীন জমিতে গত ২৪ জানুয়ারি দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ: ক্ষতিগ্রস্ত জমির মালিক কামাল হোসেন জানান, লস্কর ইউনিয়নের মাঠামের গেট সংলগ্ন চক চাঁদমুখী মৌজায় তার ও তার স্ত্রী শাহানারা পারভীনের নামে ৭২ শতক জমি রয়েছে। বিগত ২০ বছর ধরে তারা উক্ত জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করছেন এবং নিয়মিত খাজনা-দাখিলা পরিশোধ করে আসছেন। ফসলি এই জমিতে নিয়মিত ধান ও মাছ চাষ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে স্থানীয় শাহিনুর রহমান নামের এক ব্যক্তি ভেকু (এস্কেভেটর) দিয়ে ওই জমির মাটি কাটা শুরু করেন। খবর পেয়ে কামাল হোসেন তাৎক্ষণিকভাবে শাহিনুরকে ফোন করে মাটি কাটা বন্ধের অনুরোধ জানান। তখন শাহিনুর মাটি কাটা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিলেও, সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় জমির বিশাল অংশ খালের মতো গভীর করে মাটি কেটে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির প্রবণতা বাড়ছে, যা ফসলি জমির উর্বরতা নষ্টের পাশাপাশি পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।