গাজীপুর-৫ আসনের কালীগঞ্জ উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করার জেরে জামায়াতের দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে সাতটা থেকে আটটার দিকে কালীগঞ্জ পৌরসভার বালিগাঁও পশ্চিম পাড়া ওয়ারিদ টাওয়ার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি এলাকার যুবদল নেতা নাইমের নেতৃত্বে সংঘবদ্ধভাবে জামায়াত কর্মী বেলায়েত হোসেন এবং সিয়াম হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাদের লাকড়ি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়রা জানান, হঠাৎ এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি হয়।

ভুক্তভোগীদের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।