মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তরে ড্রেজার চালানোর নামে চাঁদা দাবি না মানায় ব্যক্তিমালিকানাধীন ড্রেজারে হামলা, পাইপ কেটে চুরি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন মেম্বার।

অভিযোগ সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নসহ আশপাশের এলাকায় তার ব্যক্তিমালিকানাধীন বৈধ ভাবে বাল্কহেড থেকে আনলোড ড্রেজার দিয়ে মাটি ও বালু ভরাটের কাজ করে আসছেন। অভিযুক্ত জাকির হোসেন ও তার সহযোগীরা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা-ে জড়িত বলে অভিযোগ করেন তিনি।

দেলোয়ার হোসেন জানান, গত ১১ জানুয়ারি তার কর্মস্থলে এসে জাকির হোসেন ও অজ্ঞাতনামা ১০-১২ জন তাকে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা বলে, এলাকায় ড্রেজার চালাতে হলে নিয়মিত চাঁদা দিতে হবে। এ সময় তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা তার ড্রেজারের মেশিন ও পাইপ কেটে নষ্ট করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেয়।

ঘটনার পর গত ১৩ জানুয়ারি দুপুর ১২টার দিকে মতলব উত্তর থানার এএসআই মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল ঘুরে দেখা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে। প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।