"আমরা জাতির শাসক হবোনা, সেবক হবো" এই স্লোগানকে ধারণ করে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী স্বচ্ছ, মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক ‘নতুন ও সমৃদ্ধ নাটোর’ গড়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

আজ বুধবার (০৪ জানুয়ারী) সকাল সাড়ে নয়টায় নাটোর শহরের মাদরাসা মোড় নির্বাচনী অফিসে ইশতেহার পাঠ অনুষ্ঠানে তিনি ইশতেহার ঘোষণা করেন। এসময় তিনি বলেন, অফুরন্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও বেকারত্ব, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, অযোগ্য নেতৃত্ব ও সন্ত্রাসের কারণে মানুষের জীবনযাত্রার কাঙ্খিত মান উন্নয়ন হয়নি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যকে সামনে রেখে মানুষের সেবক হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের জন্যে কাজ করে যেতে চাই।

নির্বাচনী ইশতেহারে অধ্যাপক মোঃ ইউনুস আলী মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বিশেষ সম্মাননা প্রদান এবং আহতদের জন্য উন্নত চিকিৎসার আশ্বাস দেন। এছাড়া শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের কথা জানান। তার নির্বাচনী ইশতেহারে আরও রয়েছে-হাইটেক পার্ক প্রতিষ্ঠা, নাটোর সদর হাসপাতালের আধুনিকায়ন, নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু, নার্সিং ইনস্টিটিউট, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং বক্ষব্যাধি ক্লিনিকের আধুনিকায়ন, স্টেশন বাজার রেলক্রসিং ওভারব্রীজ নির্মাণ, নাটোর-বগুড়া বাইপাস নির্মাণ, নাটোর চিনিকলের আধুনিকায়নের মাধ্যমে লাভজনক শিল্পে পরিণত করা, বাণিজ্যিক গ্যাস সরবরাহ সঞ্চালন লাইন স্থাপন করে ভারী শিল্প প্রতিষ্ঠা, বিসিকের সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল এবং কৃষি রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা। এছাড়া নাটোর স্টেডিয়ামের আধুনিকায়ন, পর্যটনভিত্তিক শহর প্রতিষ্ঠা, নারদ নদ, জয়কালী ও লালদীঘিতে ওয়াকওয়ে নির্মাণ, বর্জ্যমুক্ত সবুজ শহর প্রতিষ্ঠার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন তার নির্বাচনী ইশতেহারে।

ইশতেহার পাঠ অনুষ্ঠানে নাটোর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক মো. সাদেকুর রহমান এবং সহকারী সেক্রেটারি এবং নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুল ইসলাম রাসেল, অর্থ সম্পাদক অধ্যাপক ফজলুর রহমান, শহর আমীর রাশেদুল ইসলাম রাশেদ ও সেক্রেটারী প্রভাষক আলী আল মাসুদ মিলন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।