রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জেরে নিজ প্রতিষ্ঠানের সামনে শাহীন খান নামের এক সাংবাদিককে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ দুষ্কৃতকারীরা। শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সরাই হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যপারে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামের আব্দুল বারিক খানের ছেলে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি ও রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাহীন খান তার নিজ প্রতিষ্ঠান সেচ পাম্পের নিকট দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একই এলাকার শ্যমগোপ গ্রামের প্রভাবশালী সন্ত্রাসী গ্রুপের সদস্য শের আলী, সজিব, পরান আলী ও রফিকুল সহ ৮/১০ জনের একটি দল অতর্কিতভাবে বাঁশের লাঠি, লোহার রড দিয়ে শাহিনের উপড় আক্রমণ করে। এসময় তারা সাংবাদিক শাহিনকে পিটিয়ে দু’হাত ও একটি পা ভেঙে দিয়ে চলে যায়।
পরে গ্রামের লোকজন খবর পেয়ে মূমুর্ষ অবস্থায় শাহিনকে উদ্ধার করে সিরাজগঞ্জ এম, মনসুর আলী হাসপাতালে নিলে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা রেফার করেন। এঘটনায় গতকাল সাংবাদিক শাহিনের বাবা আব্দুল বারিক খান বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা করেন। এ বিষয়ে রায়গঞ্জ থানারর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জেরে এই হামলা হতে পারে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম এবং তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা করা হবে।