পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় ৩০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খোকসা উপজেলা শাখা। বুধবার (২৭ মে) সকাল ১১টায় আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে সরকারি ত্রাণ ও দুর্যোগ তহবিলের পাশাপাশি জামায়াতের নিজস্ব অর্থায়নে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সুবিধাবঞ্চিত মানুষের হাতে সহায়তা তুলে দেওয়া হয়।
কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের মাননীয় সংসদ সদস্য আফজাল হোসাইনের পক্ষে ঈদ উপহার বিতরণ করেন খোকসা উপজেলা জামায়াতের আমীর মোঃ নজরুল ইসলাম। একই সঙ্গে সংগঠনের বিশেষ টিম উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত অভাবী পরিবারের হাতে নগদ অর্থ পৌঁছে দেয়।
মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর হাফেজ মুর্শিদ আলম, সেক্রেটারি মাওলানা আইনুদ্দিন, সহকারী সেক্রেটারি প্রভাষক সাইফুর রহমান আল-আমিনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, “ঈদের আনন্দ ধনী-গরিব সবার জন্য। তাই খোকসার কোনো পরিবার যেন ঈদুল আযহার আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য নিয়েই আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”