হযরত ইব্রাহিম (আ.)-এর জীবনের বিভিন্ন কঠিন পরীক্ষা ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে ঈমান, ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর পেশাজীবী থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘বাছাইকৃত অগ্রসরকর্মী শিক্ষা শিবিরে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা শিবিরে সংগঠনের বাছাইকৃত কর্মীরা অংশগ্রহণ করেন।
অধ্যাপক গোলাম রসুল বলেন, হযরত ইব্রাহিম (আ.)-এর জীবনে আল্লাহ তায়ালা কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। পবিত্র কোরআনে তাঁর জীবন ও সংগ্রাম সম্পর্কে অসংখ্য আয়াত রয়েছে।
বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তায়ালা তাঁকে মানুষের নেতা হিসেবে মনোনীত করেছিলেন। তাঁর জীবন থেকে আমাদের ঈমান, ধৈর্য, ত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের শিক্ষা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.) জীবনে নানা প্রতিকূলতা ও কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তিনি অন্যায় ও বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এমনকি নিজের বংশের নেতৃত্বের সঙ্গেও তাঁর সংগ্রাম করতে হয়েছে।
একপর্যায়ে তাঁকে আগুনে নিক্ষেপ করা হলেও তিনি কোনো স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির কাছে মাথা নত করেননি। আল্লাহর ওপর অবিচল আস্থা ও ঈমানের কারণে তিনি সব পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।
তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা এবং আল্লাহর দ্বীনের শাসন প্রতিষ্ঠার পথে কোনো বাধাকে মেনে নেওয়া উচিত নয়। শুধু নিজেকে মুসলিম হিসেবে দাবি করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; আল্লাহর একত্ববাদের প্রতি দৃঢ় বিশ্বাস, তাঁর বিধানের প্রতি আনুগত্য এবং জীবনের সর্বক্ষেত্রে ইসলামের আদর্শ অনুসরণের মানসিকতা গড়ে তুলতে হবে।
অধ্যাপক গোলাম রসুল বলেন, অগ্রসরকর্মীদের নিজেদের জ্ঞান, আমল, চরিত্র ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজের মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে হবে। যেকোনো পরিস্থিতিতে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে।
শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও বেলাল হুসাইন, অফিস সেক্রেটারি নুরে আলা নুর মামুন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল ইসলাম, পেশাজীবী থানা সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন, সেক্রেটারি আবু ফয়সালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিনব্যাপী শিক্ষা শিবিরে ঈমান-আকিদা, নৈতিকতা, সাংগঠনিক দক্ষতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। পরে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী শিক্ষা শিবিরের কার্যক্রম শেষ হয়।