চট্টগ্রাম ব্যুরো
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, রমজান আত্মশুদ্ধির জন্য এক বিশাল নিয়ামাত। পরিপূর্ণ নিয়ামাত অর্জনের লক্ষ্যে যথাযথ মর্যাদায় রমযানের পবিত্রতা রক্ষা করুন। অন্যের উপর জুলুম করা বন্ধ করতে হবে। অশ্লীলতা, বেহায়াপনা পরিহার করার আহবান জানাচ্ছি।
গতকাল বুধবার বিকাল ৪ টায় বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক মাহমুদুল হাছান সহ প্রমুখ কর্মপরিষদ সদস্যগণ।
জেলা আমীর আরও বলেন, একশ্রেণীর অসাধু সিন্ডিকেট রমজান আসলে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী করে ফেলে। অথচ মুসলিম দেশে রমজানকে স্বাগত জানিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো হয়। তাই রমজানের প্রতি সম্মান দেখিয়ে দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন, রমজান মানে কুরআন নাযিলের মাস। কুরআন হাদীস অধ্যয়নের মাধ্যমে আত্মগঠন করতে হবে। আর কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে কর্মীদের উদ্দেশ্যে নসিহত প্রদান করা হয়েছে। সে অনুযায়ী সকল কর্মীগণ রমজান মাসকে কাজে লাগিয়ে নিজেকে গঠন করার আহবান জানাচ্ছি।