গোপালপুর (টাংগাইল) সংবাদদাতা : গোপালপুর উপজেলায় ঘোড়া জবাই করে গোশত প্রস্তুতের সময় স্থানীয়দের হাতে আটক হওয়ার পর চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিটের মধ্যে গোপালপুর থানাধীন ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা মোঃ হাফিজুর রহমানের (পিতা: মোঃ আমজাদ আলী) বসতবাড়িতে ১২টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া জবাই করে গোশত প্রস্তুত করা হচ্ছিল। এদের মধ্যে দুটি ঘোড়ার পেটে বাচ্চা ছিল।
অপর চারটি ঘোড়া জবাই করার সময় গ্রামবাসি বিষয়টি টের পেয়ে হাফিজুরের বাড়ি ঘেরাও করে। হাফিজুরসহ ৮ দুর্বৃত্ত পালিয়ে যায়। চারজন কসাইকে আটক করা হয় এবং উদ্ধার করা ৪টি ঘোড়া থানায় নেয়া হয়।
ধোপাকান্দি ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি ফারুখ হোসেন জানান, চোরের ভিটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে জামালপুর সদর উপজেলার তুলসিপুর হাটসহ উত্তর বঙ্গের বিভিন্ন স্থান থেকে ঘোড়া কিনে বাড়িতে আনতেন। তিনি ঘোড়া কেনাবেচার আড়ালে জবাই করা ঘোড়ার গোশত পাইকারি দরে ঢাকার গাজীপুর ও সাভারের বিভিন্ন মার্কেটে পাঠাতেন।
গোপালপুর থানা এসআই আব্বাস উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরা সংঘবদ্ধ চক্রের অংশ। আটক চারজন ও উদ্ধার করা ঘোড়াগুলোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।