নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ফুল বা মিষ্টি নিয়ে ভিড় না করে, মহান আল্লাহর দরবারে দুই রাকাত নফল নামাজ আদায় করে শুকরিয়া আদায়ের অনুরোধ জানিয়েছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। তাঁর এই বিনয়ী ও ব্যতিক্রমী বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। এছাড়া ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জয় লাভের পরদিনই তিনি সকল নেতাকর্মীকে এলাকার মসজিদগুলোতে জুম্মাহর নামাজ বাদ দোয়া পড়িয়ে দেওয়ার আহ্বানও করেছিলেন। সম্প্রতি এক ফেসবুক বার্তায় নান্দাইলবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, "আমার প্রাণের নান্দাইলবাসী, আসসালামু আলাইকুম। আমাকে অনেকে ফুল বা মিষ্টি পাঠানোর জন্য ফোন করছেন। আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনারা ফুল বা মিষ্টি আমাকে পাঠাবেন না।” উপহারের চেয়ে দোয়ার গুরুত্ব বেশি উল্লেখ করে তিনি আরও বলেন, "ফুল বা মিষ্টির পরিবর্তে দুই রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করুন। আমার জন্য এবং নান্দাইলবাসীর জন্য দোয়া করবেন। এতটুকু আমি চাই।" সাধারণত ব্যক্তিগত ও রাজনৈতিক অর্জনে উচ্ছ্বসিত হয়ে যেকোনো ধরনের বড় সাফল্য বা পদপ্রাপ্তির পর নেতা-কর্মীদের মধ্যে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানোর জোয়ার দেখা যায়। তবে ইয়াসের খান চৌধুরীর এমন আহ্বানে তাঁর অনুসারী ও সাধারণ জনগণের মধ্যে ভিন্নধর্মী এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন জানান, একজন জননেতার এমন বিনয়ী আচরণ এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়াটা অত্যন্ত প্রশংসনীয়। তিনি নির্বাচনের পূর্বে যেসমস্ত অঙ্গিকার বা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সকলকে নিয়েই তিনি শতভাগ বাস্তবায়ন করবেন। এছাড়া চাঁদাবাজ, দূর্নীতি ও মাদকমুক্ত শান্তি-সম্প্রীতির আধুনিক নান্দাইল গড়তে তিনি বদ্ধপরিকর।