নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নে সেচযন্ত্রের মোটর চুরির হিড়িক পড়েছে। গত এক মাসে এক ইউনিয়নের তিনটি গ্রাম থেকে অর্ধ শতাধিক বৈদ্যুতিক মোটর ও বেশ কিছু ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। এর ফলে ওই এলাকার কয়েক’শ একর জমিতে বোরো ধান চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরশ্রীরামপুর, চর কামটখালি ও চর কোমরভাঙ্গা গ্রামে গত এক মাসে ব্যাপক হারে মোটর চুরির ঘটনা ঘটেছে। শুধুমাত্র বীর কামটখালি গ্রাম থেকেই প্রায় ৫০টি মোটর চুরি হয়েছে। চুরির আতঙ্কে অনেক কৃষক নতুন মোটর কিনলেও তা রাতে পাহারা দিচ্ছেন অথবা কাজ শেষে খুলে বাড়িতে নিয়ে আসছেন। আবার অনেকের নতুন মোটর কেনার সামর্থ্য না থাকায় বোরো ধানসহ শীতকালীন শাকসবজির আবাদ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। চুরির এই ধারাবাহিকতায় কৃষকরা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। ভুক্তভোগী কৃষকরা জানান, সেচ সংকটের কারণে তারা জমিতে পানি দিতে পারছেন না। চর কোমরভাঙ্গা গ্রামের ফজলুল হক ও রিটন মিয়ার মতো অনেক কৃষকই এখন রাত জেগে সেচযন্ত্র পাহারা দিচ্ছেন। স্থানীয় ইউপি সদস্য আজিজুল ইসলাম চুরির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চোর শনাক্ত না হওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন জানান, "আমি এখানে নতুন যোগদান করেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রাম-গঞ্জ-শহর
নান্দাইলে সেচ মোটর চুরির হিড়িক বোরো চাষ নিয়ে দিশেহারা কৃষক
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নে সেচযন্ত্রের মোটর চুরির হিড়িক পড়েছে।