সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে বাজারের সরকারি জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের হিড়িক পড়েছে। এক জায়গাতেই একাধিক ভবন তৈর করা হলেও নির্বিকার সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিরা। ফলে কোন রকম বাধা না থাকায় তাদের দেখে অন্যরাও দখলে উদ্বুদ্ধ হওয়াসহ ভবন নির্মাণে ঝুঁকে পড়েছে। সচেতন এলাকাবাসী এর প্রতিবাদ করলেও থামছেনা এই অবৈধ কারবার। তাদের অভিযোগ প্রশাসনকে ম্যানেজ করেই এভাবে সরকারি সম্পত্তিতে বেআইকার্যক্রম চালানো হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বাজার এলাকায় গিয়ে এর সত্যতা পাওয়া যায়। সরেজমিনে দেখা যায়, বাজারের পশ্চিম পার্শ্বে সরকারী (খাস) জমিতে একটি দোকানঘর নির্মাণ করছেন ওই বাজারের সাবেক ইজারাদার মৃত. জিকরুল হকের ছেলে স্থানীয় ব্যবসায়ী বুলবুল। একইসাথে পলাশ নামে আরেক ব্যবসায়ী বিশাল জায়গা দখল করে আরেকটি স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন। আর বাজারের মাছের দোকানের সেডের দেওয়াল দখল করে ঘিরছেন গৌতম নামে একজন। আজ রোববার (১ মার্চ) দুপুরেও গিয়ে দেখা যায় তাদের কাজ অব্যাহত আছে।
এ ব্যাপারে কাশিরাম বেলপুক্রু ইউনিয়নের তহশীলদার তাবাস্সুম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে আসতে বলেছি এবং যথানিয়মে এসিল্যান্ড স্যারকেও রিপোর্ট করেছি। টাকার বিনিময়ে মৌখিকভাবে এসব কাজ করার অনুমতি দেওয়ার অভিযেগ প্রসঙ্গে তিনি বলেন, মানুষ এমন করেই বলে। আসলে এরকম কিছু নয়। বরং কাজ বন্ধ করার জন্য ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছি। প্রয়োজনে নোটিশ দিয়ে এবং মামলা করার মত আইনগত পদক্ষেপ নেয়া হবে। বিষয়টি নিয়ে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর বদলী জনিত অনুপস্থিতির কারণে উপজেলা নির্বাহী অফিসার ফারহা ফাতেমা তাকমিলার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।