চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে (সদর) নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কারবালা স্কূল এন্ড কলেজ প্রাঙ্গনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, জনগণের মাঝে পরিবর্তনের যে অদম্য জোয়ার দাঁড়িপাল্লার পক্ষে উঠেছে, তা কোনোভাবেই থামানো যাবে না ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা আজ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের ভালোবাসা ও আস্থার প্রতীক। এই ভালোবাসা মানুষের অন্তরে গভীরভাবে গেঁথে গেছে। তাই ভাঙচুর করে, পুড়িয়ে দিয়ে সেই ভালোবাসাকে মুছে ফেলা যাবে না। ষড়যন্ত্র করে পরিবর্তনের আকাক্সক্ষাকে রোধ করা সম্ভব নয়। জনগণ জেগে উঠেছে, আর সেই জাগরণই আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণ দাঁড়িপাল্লার পক্ষে রায় দিলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠনে প্রস্তুত। জনতার স্বার্থে আমরা ইতিবাচক নির্বাচন করতে চাই। দাঁড়িপাল্লার যারা ফেস্টুন ও ব্যানার পুড়িয়ে দিয়েছে তারা জনতার হৃদয়ে আগুন দিয়েছে। নির্বাচন বানচালের চেষ্টা করলে জনতা তা রুখে দিবে ইনশাআল্লাহ। জনগণ অতীতের বস্তা পচা রাজনীতি চাই না। স্বাধীনতার চেতনা ছিল সাম্য সুবিচার, আমরা তা বাস্তবায়ন করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ চাই। সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা এবার। তিনি আরো বলেন, আমার শোষক হব না, নিপীড়ন-নির্যাতনকারী হবো না। আমরা সেবক ও খাদেম হিসেবে থাকতে চাই। নারীদের ৮ ঘণ্টার পরিবর্তে ৫ ঘণ্টার কাজের পরিবেশের ব্যবস্থা করা হবে।
নূরুল ইসলাম বুলবুল বলেন, এই এলাকার রাস্তার যে সমস্যা রয়েছে তা অবশ্যই নিরসনের ব্যবস্থা করা হবে। এলাকার নানা সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সমাধান করা হবে। সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। যদি জনগণ আমাকে তাদের সেবক হওয়ার সুযোগ দেন, তাহলে আমি আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে চাঁপাইনবাবগঞ্জকে আধুনিক মানসম্মত জেলা হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, গণ্যমান্য ব্যক্তিকে ডেকে ভয় দেখানো হচ্ছে। শাড়ি, লুঙ্গি দিয়ে ভোট চাইছে, এটি অনৈতিক। ভোট হচ্ছে পবিত্র আমানত, এ ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে। ধানের শীষ, নৌকা দেখেছেন। এইবার দাঁড়িপাল্লাকে দেখুন, সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা এবার। বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তিনি আশা করছেন, এবার নতুন মুখের দিকে চেয়ে আছে ভোটাররা। সাধারণ জনগণের মধ্যে ভোটের উৎসবমুখর মনোভাব তৈরি হয়েছে। আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সকলের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে। বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা থাকবে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, সাবেক এমপি অধ্যাপক মোহাঃ লতিফুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোখেলেসুর রহমান, সেক্রেটারী আবু বক্কর প্রমুখ।