ত্রয়োদশ জাতীয় সংসদের স্পীকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য, হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও অন্যান্য হুইপবৃন্দ এবং সংসদ-সদস্যগণ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
দিলারা হাফিজের লাশ আগামী আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। মরহুমার নামাযে জানাযা আগামীকাল সোমবার সকাল ১১ ঘটিকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মাতা করিমুন্নেছা খাতুন চৌধুরী। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারি ইডেন কলেজে প্রভাষক হিসেবে চাকুরি জীবন শুরু করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সোহরাওয়ার্দী কলেজ, ইডেন কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি স্পিকার ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। রাষ্ট্রপতি বলেন, শিক্ষা ক্ষেত্রে মরহুমা দিলারা হাফিজের অসামান্য অবদানের কথা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারালো।
দিলারা হাফিজের ইন্তেকালের গভীর শোক ও দুঃখ প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান গতকাল এক শোক বিবৃতি প্রদান করেছেন। প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন,র্ সিঙ্গাপুর স্থানীয় সময় বেলা দেড়টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, আমি তাঁর শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একজন সহধর্মিণী হিসেবে তিনি পরিবার ও সমাজে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।
আমি মহান আল্লাহ তা’আলার কাছে দোয়া করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম এর সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং ইডেন কলেজের অধ্যক্ষ দিলারা হাফিজ দেশের শিক্ষার প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। মন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।