আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) থেকে শুক্রবার (৩০ জানুয়ারি) হতে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে এই বাহিনী নির্বাচনী নিরাপত্তায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন শুরু করেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালিয়াকৈর সরকারি কলেজে ২ প্লাটুন, শিল্প সম্পর্ক শিক্ষায়তন, টঙ্গী গাজীপুর এলাকায় ৩ প্লাটুন, ব্যাটালিয়ন সদর (রাজেন্দ্রপুর) এলাকায় ৪ প্লাটুন, কাপাসিয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে ২ প্লাটুন এবং কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব বেইজ ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট উপজেলা ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল, নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।

এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আলম হোসেন বলেন, আজ থেকে গাজীপুর জেলার পাঁচটি নির্বাচনী এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এটি কোনো ধরনের শঙ্কা বা অস্থিরতার কারণে নয়, বরং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আগাম ও পরিকল্পিত প্রস্তুতির অংশ। বিজিবি সদস্যরা পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন, যাতে ভোটাররা নির্বিঘেœ ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।