জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক আবু হানিফকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে শুরু করে শান্তচত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

শিক্ষার্থীরা বলেন, ১৭ মার্চ আমাদের বিভাগের শিক্ষক আবু হানিফ স্যারকে ছাত্রদলের জবি শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল কর্তৃক লাঞ্ছিত করা হয়। তিনি উপাচার্য বরাবর আবেদন করা হলেও তিনি এখনও ব্যবস্থা নেননি।

এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাত ফয়সাল বলেন, যে প্রশাসন শিক্ষককে নিরাপত্তা দিতে পারে না তারা কি করে শিক্ষার্থীদের নিরাপত্তা দিবে। জুলাই বিপ্লব পরবর্তীতেও কেন আমাদের এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে আমরা জানতে চাই। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

একই বিভাগের শিক্ষার্থী সাজিউল ইসলাম সৈকত বলেন, আজকে বিবেকের তাড়নায়, নৈতিকতার পক্ষে আমরা দাড়িয়েছি। যে শিক্ষক আমাদের সত্যের পথ দেখান সে শিক্ষক আজ লাঞ্ছিত। আমরা প্রশাসনকে জানাতে চাই হেনস্থাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন।

এর আগে, গত ১৭ মার্চ গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার নতুন উপাচার্যের যোগদান উপলক্ষ্যে টিএসসি এলাকায় চা পান শেষে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর এলাকায় পৌঁছালে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে কয়েকজন তাঁদের পথরোধ করেন। এ সময় হিমেল তাঁর ব্যক্তিগত পরিচয় এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন। একইসঙ্গে অভিযোগ করেন যে, তিনি এলাকায় বিএনপির সঙ্গে যুক্ত ও বিশ্ববিদ্যালয়ে ‘গুপ্ত’ হিসেবে কাজ করছেন।