কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর রেল স্টেশনের পশ্চিম পাশে একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানা পুলিশ শোমসপুর রেল স্টেশনের পশ্চিমে রেল লাইনের পাশে ফারুকের বাড়িতে এ অভিযান পরিচালনা করে।

এ সময় ঘটনাস্থল থেকে ককটেল তৈরির কারিগর হিসেবে পরিচিত বরইচারা রঘুনাথপুর গ্রামের ওসমানের ছেলে হাসান (৩৬) এবং রাজনাথপুর গ্রামের শাহজাহানের ছেলে রাজীব (৪২)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে সদস্য তৈরি তিনটি তাজা ককটেল ও ককটেল তৈরিতে ব্যবহৃত লাল টেপ উদ্ধার করা হয়।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেন জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক দুই জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে বলে তিনি জানান।