বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম মুন্না(৫১) নামের এক বিএনপি কর্মী খুন হয়েছেন। টাকা লেনদেন সংক্রান্ত মামলা নিয়ে বিরোধের জের ধরে খুনের ঘটনা ঘটে।
সোমবার(২৩ মার্চ) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে বগুড়া শহরতলীর ফাঁপোড় খন্দকার পাড়ায় খুনের ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম মুন্না একই এলাকার মৃত ডাঃ ইয়াছিন আলীর ছেলে এবং ফাঁপোড় ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।
ফাঁপোড় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কামাল হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, একই এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুল সায়েমের সাথে টাকা লেনদেন সংক্রান্ত মামলা নিয়ে মুন্নার বিরোধ চলছিল। মামলার জের ধরে কিছুদিন আগে মুন্নার বাড়িতে হামলা করে ভাংচুর করা হয়।সোমবার রাত ১২ টার দিকে মুন্না স্থানীয় একটি ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ফেরার পথে সায়েমের সাথে দেখা হয়। এসময় মুন্না একটি রড হাতে নিয়ে সায়েম ধাওয়া করে।এক পর্যায় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে সায়েম তার কাছে থাকা ছুরি বের করে মুন্নার পেটে আঘাত করে।পরে তাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে রাত ১ টার দিকে মুন্না মারা যান।
নিহত মুন্নার স্ত্রী নিলুফা ইয়াসমিন জানান রাত সাড়ে ১০ টার দিকে ছেলের জন্য রুটি কিনতে ফাপোর স্কুলের পাশে দোকানে যান মুন্না। সেখান থেকে ফেরার পথে ৫ থেকে ৬ জন তাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে। এসময় মুন্না দৌড়ে বড় ভাই মাহিদুল ইসলাম বাড়ীতে গিয়ে ঘটনা জানালে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দিলে রাত ১ টার দিকে তিনি মারা যান।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মাহফুজ আনাম বলেন, খুনের ঘটনার সাথে জড়িত আব্দুল সায়েম ও তার পরিবার লোকজন ঘটনার পরপরই পালিয়ে গেছে।সায়েমকে ধরতে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় এখনও মামলা দায়ের করা হয় নি।