বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সাংবাদিক ওয়ার্ডের সহ-সভাপতি, প্রবীণ সদস্য (রুকন) আব্দুল খালেক আজিজীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে সংগঠনটির আমীর ডা. শফিকুর রহমান গতকাল মঙ্গলবার এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, আব্দুল খালেক আজিজীর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

উল্লেখ্য, আব্দুল খালেক আজিজী স্ট্রোক করে মঙ্গলবার সকাল ১০:৩০টায় ৭১ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর স্ত্রী ও ১ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। ঐদিন তা’লিমুল মিল্লাত মাদরাসা প্রাঙ্গণে জানাযা শেষে তাঁকে নিশানবাড়িয়া, পশ্চিম চিপা বাড়ইখালী কবরস্থানে দাফন করা হয়েছে।