আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী মহিলা বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় রিসালাহ একাডেমি কাশিপুর শাখায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর থানা সেক্রেটারি ফাতিমা খাতুন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা বিভাগের খুলনা অঞ্চল পরিচালিকা বেগম রেজাউন্নেসা। আফরোজা খাতুন ও সাহানা পারভীন মুনমুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিপইয়ার্ড স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা কামরুন্নেসা খুশী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শারমিন সুলতানা মুন্নী, নাহিদা সুলতানা পান্না, নাহিদা আক্তার লায়লা, জরিনা খন্দকার, ফাতেমা হক লাকি, নাসরীন আক্তার, ফারহানা সিদ্দিকা মিম্মা, তাসনিয়া প্রমুখ।
নারী দিবসের তাৎপর্য তুলে ধরে সমাজের সর্বস্তরে নারীর মর্যাদা, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার কথা করে প্রধান অতিথি বেগম রেজাউন্নেসা বলেন, নারীরা সমাজের অর্ধেক অংশ। একটি আদর্শ ও কল্যাণমুখী সমাজ গঠনে নারীদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। পরিবার, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ গঠনে নারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। তিনি আরও বলেন, একজন শিক্ষিত ও সচেতন নারী একটি সচেতন পরিবার ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। তাই নারীদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজ উন্নয়নে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি কামরুন নেছা খুশি বলেন, ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে নারীরা সাহস, ত্যাগ ও প্রজ্ঞার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজকের আধুনিক বিশ্বেও শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে নারীরা তাদের দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিচ্ছেন। নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে একটি সুস্থ, সুন্দর ও উন্নত সমাজ গঠন সম্ভব। তাই নারীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার এবং সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বক্তারা নারীদের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ গঠনে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।