ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলার ৬ নং নাউতারা ইউনিয়নে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার নাউতারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির মাধ্যমে সরকারের বরাদ্দকৃত ৫১৬৭ জন সুবিধাভোগীদের মাঝে ৯টি বুধে বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ৬ নং নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি, ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, আল মাহমুদুল হাসান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি বলেন, পবিত্র ঈদ উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। এতে করে দরিদ্র পরিবারের মানুষ কিছুটা হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন।

উপস্থিত সুবিধাভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।