মোংলা সংবাদদাতা : দেশের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনকে দস্যুমুক্ত ও বনজীবীদের জন্য নিরাপদ রাখতে কোস্ট গার্ডের নেতৃত্বে সমন্বিত বিশেষ অভিযান শুরু হয়েছে। সম্প্রতি থেকে নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা শুরু করে। কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মোল্লা মাহমুদ আল-হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ আগস্টের পরবর্তী সময়ে বনদস্যুদের তৎপরতা নতুন করে বাড়তে শুরু করেছে।

অপহরণ, মুক্তিপণ আদায়, লুণ্ঠনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের কারণে বনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও অন্যান্য বনজীবীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে দুর্গম ও গহীন অঞ্চলে অন্তত ছয়টি সক্রিয় দস্যু চক্রের উপস্থিতির তথ্য পাওয়া গেছে, যা স্থানীয়দের জীবন-জীবিকা ও নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পরিস্থিতির প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বনাঞ্চলে নিরাপত্তা জোরদার করা এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে এই যৌথ অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, সমন্বিত পরিকল্পনা ও ধারাবাহিক নজরদারির মাধ্যমে বনাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে। কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবন সম্পূর্ণভাবে দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে। বনের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও অভ্যন্তরীণ পয়েন্টগুলোতে টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য আস্তানা ও চলাচলের রুট শনাক্তে আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বনজীবীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং বনাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে যৌথ বাহিনী সমন্বিত ও নিয়মতান্ত্রিকভাবে অভিযান পরিচালনা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।