পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা : বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের এক গৃহবধূকে পরকীয়ার অভিযোগে সালিশ বৈঠকে প্রকাশ্যে জুতা দিয়ে পেটানোর ঘটনা ঘটেছে। পাথরঘাটা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদর ইউনিয়ন বিএনপির সদ্য বিদায়ী কমিটির আহবায়ক ছগির আলম এর উপস্থিতিতে শত শত মানুষের সামনে জুতা দিয়ে পেটানোর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে,পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের এক গৃহবধূর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল চরদুয়ানি ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছোট টেংরা গ্রামের মোঃ মধু মিয়ার ছেলে বেল্লাল (৩৫) নামের যুবকের সাথে। রোববার (১ মার্চ) রাতে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গেলে প্রতিবেশীরা টের পেয়ে তাকে আটক করে। এর কিছুক্ষণ পরই এ নিয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছগির আলম ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশ বৈঠক বসে।
সালিশে উপস্থিত লোকজনের সামনে ওই ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছগির আলমের নির্দেশে গৃহবধুর বুক থেকে তিন মাসের শিশুকে কেড়ে নিয়ে গৃহবধুকে জুতা দিয়ে পিটিয়ে আহত করেন। চেয়ারম্যানের নির্দেশে জুতা দিয়ে পেটানোর ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা ও নিন্দার ঝড় উঠে।
এদিকে গৃহবধূকে সালিশ বৈঠকে জুতো দিয়ে পেটানোর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রিন্ট মিডিয়া প্রকাশ হলে ২ মার্চ পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোষীদের বিরুদ্ধে সুয়ো মোটো মামলা করেন।