পূর্ব সুন্দরবনের ঢাংমারী স্টেশনের আওতাধীন ঘাগড়ামারী এলাকায় অভিযান চালিয়ে ২২টি হরিণ শিকারের ‘সিটকা’ ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ।

বন বিভাগের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে “প্যারালাল লাইন সার্চ” পদ্ধতিতে জঙ্গলের ভেতরে গভীর এলাকায় ফুট পেট্রোলিং চালানো হয়। এ সময় ঘাগড়ামারী খালের সাইট এবং লক্ষ্মীখালী খালের তীর থেকে ফাঁদগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ফাঁদগুলো বন বিভাগের নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাগেরহাট জেলার বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করীম চৌধুরী বলেন, “সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে আমরা সবসময় সতর্ক আছি। ঘাগড়ামারী টহল ফাঁড়ির কর্মকর্তারা যে সততা ও সাহসিকতার সঙ্গে অভিযানটি সম্পন্ন করেছেন, তা প্রশংসনীয়। অন্যান্য টহল ফাঁড়িগুলোকেও একইভাবে নিয়মিত পেট্রোলিং কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এসব টহল কার্যক্রমের মাধ্যমে বন্যপ্রাণী শিকার, গাছকাটা ও অনুপ্রবেশ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা হচ্ছে।

বন বিভাগের কর্মকর্তারা মনে করছেন, স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধি করা গেলে বন্যপ্রাণী শিকার অনেকাংশে হ্রাস পাবে এবং সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য আরও মজবুত হবে।