চট্টগ্রাম-৯ (বাকলিয়া) আসনের ১৮ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. একেএম ফজলুল হক।

গতকাল সকাল বাকলিয়া ১৮ নম্বর ওয়ার্ডের বগারবিল এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, আমি বাকলিয়াকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে, তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাবে এবং নাগরিক সেবা হবে সহজ ও দুর্নীতিমুক্ত।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বাকলিয়া নানা সমস্যায় জর্জরিত। অপরিকল্পিত নগরায়ণ, জলাবদ্ধতা, মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নির্বাচিত হলে তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। গণসংযোগকালে ডা. একেএম ফজলুল হক এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

তিনি বলেন, রাজনীতি আমার কাছে ক্ষমতার মাধ্যম নয়, এটি মানুষের সেবা করার একটি বড় সুযোগ। আমি কথা নয়, কাজের মাধ্যমে পরিবর্তন আনতে চাই।

এ সময় এলাকাবাসী তাঁর প্রতি আস্থা প্রকাশ করে বলেন, একজন সৎ, শিক্ষিত ও মানবিক নেতৃত্বই বাকলিয়ার উন্নয়নে সবচেয়ে বেশি প্রয়োজন। গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, সমাজকর্মী, তরুণ স্বেচ্ছাসেবক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।