টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
প্রচারণার প্রথম দিনেই তিনি তাঁর মরহুম বাবার কবর জিয়ারত করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণার কার্যক্রম শুরু করেন। বৃহস্পতিবার সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া নিজ এলাকার পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন আনোয়ারী। এ সময় তিনি তাঁর বাবার রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ, জাতি ও এলাকার মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাতে অংশ নেন।
কবর জিয়ারত শেষে আনোয়ারী স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, রাজনীতি মানে ক্ষমতার লড়াই নয়, বরং জনগণের সেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দায়িত্ব। তিনি এলাকার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।
স্থানীয় জামায়াত নেতারা জানান, আনোয়ারী একজন সৎ, পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে এলাকায় পরিচিত। বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করা তাঁর ব্যক্তিগত বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন।
বাবার কবর জিয়ারতের পর টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কয়েকটি এলাকায় প্রচারণা শুরু করেন এবং বিকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় প্রচারণার অংশ হিসেবে ব্যাপক গণসংযোগ করেন।