চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে রাজনৈতিক প্রতিহিংসায় আ’লীগ নেতা মনোহর আলীর নেতৃত্বে একটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটসহ নারীদের শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যুগীরহাট গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুগীরহাট গ্রামের মনোহর আলী, মোঃ শাহজাহান, জালাল হোসেন, মোঃ বসির ও আবুল কাশেম রাজনৈতিক প্রতিহিংসায় ইতোপূর্বে একই গ্রামের হাফেজ মজুমদার এবং তাঁর পরিবারকে বেশ কয়েকবার মারধর ও হুমকি দিয়ে আসছে। তারা গত বছরের ২২ নভেম্বর হাফেজ মজুমদারের পিতা শফিকুর রহমান মজুমদারকে বাড়ির পাশের মসজিদে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। হামলার কয়েকদিন পর শফিকুর রহমান মজুমদার মারা যান। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাত ১২টায় মনোহর আলীর নেতৃত্বে অস্ত্রসস্ত্র নিয়ে তারা হাফেজ মজুমদারের বসতঘর ও রান্নাঘর ভাংচুর করে লুটপাট করে। হামলাকারী জালাল হোসেন ঘরে থাকা আয়েশা আক্তার ও আমেনা আক্তারকে কিল ঘুষি দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এছাড়াও মোঃ বসির অস্ত্রের ভয় দেখিয়ে রুধাবা আফরিনের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। হামলাকারীদের হাত থেকে রক্ষা থেকে ৯৯৯-এ কল করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে আ’লীগ নেতা মনোহর আলী বলেন, ‘আমিও একটি অভিযোগ করেছি। সেটির তদন্ত চলছে। এর বেশি কিছু বলতে রাজি নয় তিনি’।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সামছুল আরেফীন বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।