জামালপুর সংবাদদাতা : ঈদের দিন সকালে ঝুঁকিপূর্ণ ভাসমান সেতু উল্টে শতাধিক মানুষ পানিতে পড়ে যায়। অনেকে সাঁতরে পাড়ে উঠলেও ডুবে যায় ৫ শিশু। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয় লোকজন ৫ শিশুর লাশ উদ্ধার করে। নিহত শিশুরা হলো-দেওয়ানগঞ্জ পৌর এলাকার বেলতলী বাজারের হাবিবুল্লাহর ছেলে প্রদ্যুৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আবির হোসেন (১১), চুকাইবাড়ী ইউনিয়নের চরডাকাতিয়া পাড়া গ্রামের জয়নাল আবেদীনের মাদ্রাসা পড়ুয়া দুই সন্তান মায়ামনি (১২) ও মিয়াদ হাসান (৯), বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালুরচর পূর্বপাড়া গ্রামের শের আলীর মাদ্রাসা পড়ুয়া দুই সন্তান খাদিজা আক্তার (১১) ও আব্দুল মোতালেব (৯)।
নিহত প্রত্যেক পরিবারের বাড়িতে গিয়ে সহমর্মিতা ও খোঁজ খবর নেন সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ উপজেলার জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী, জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, জেলা মানবসম্পদ বিভাগের সেক্রেটারি আশেক মাহমুদ শান্ত, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম, উপজেলা আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান তালুকদার, পৌরসভার আমীর আতিকুর রহমান, বাহাদুরাবাদ ইউনিয়ন আমীর রাশেদুজ্জামান নূর, চুকাইবাড়ি ইউনিয়ন সভাপতি হাফেজ আকরাম হোসেন, পৌরসভার ৯ নং ওয়ার্ড সভাপতি ফয়জুর রহমান সাদা সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
নিহত প্রত্যেক পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়।