পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়োথ ডেভেলপমেন্ট ফোরাম -এর উদ্যোগে বিশিষ্ট নাগরিকদের সম্মানে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাদ আসর খোকসা উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।

সংগঠনের চেয়ারম্যান ও মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ওলামা বিভাগের কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ হযরত মাওলানা জুলফিকার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খোকসা উপজেলা আমীর ও বিশিষ্ট সমাজসেবক মোঃ নজরুল ইসলাম, খোকসা আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আলিম রেজা আকু, খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ওয়াজেদ বাঙালি প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কলেজের প্রভাষক, মসজিদ ও মাদ্রাসার ইমাম-মোয়াজ্জিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী-কর্মকর্তাবৃন্দ এবং খোকসার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আলহাজ্ব সাইদুর রহমান মন্টু কলেজের প্রভাষক সাইফুদ্দিন মজনু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা বিভাগের খোকসা উপজেলা সভাপতি মাওলানা মতিউর রহমান নাটোরী।

বক্তারা তাঁদের বক্তব্যে যুবসমাজকে নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান। তারা বলেন, মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল তরুণ প্রজন্মই একটি আলোকিত ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রধান শক্তি।

অনুষ্ঠানে প্রায় চার শতাধিক রোজাদার ইফতারে অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।