রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর বাঁধে মাটি ভরাট ও শোভাবর্ধন প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ের এই প্রকল্পে মাটির পরিবর্তে বালু ব্যবহার, বাঁধের নিচ থেকে মাটি কেটে ভরাট এবং নির্ধারিত প্রস্থ কমিয়ে দেওয়ার মতো নানা অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য রায়হান সিরাজী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তারা স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগ শোনেন। এ সময় স্থানীয়ভাবে চেয়ারম্যান আশরাফ আলী, খতিবর আলী, ওহেদ আলী ও আজহারুল ইসলামসহ কয়েকজনের নাম অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উঠে আসে।
চর ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর অর্থায়নে প্রায় সাড়ে ১৬ কিলোমিটার তিস্তা বাঁধে খালাখন্দ মেরামত ও ঘাস লাগানোর কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন এন্ড কোং।
দরপত্র অনুযায়ী বাঁধ ভরাটের কাজে ৭০ শতাংশ মাটি ও ৩০ শতাংশ বালুর মিশ্রণ ব্যবহারের কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ, বাস্তবে সেখানে অধিকাংশ স্থানে শুধু বালু ব্যবহার করা হচ্ছে। এতে বাঁধের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, কাজের শুরুতেই তিস্তা নদীতে স্যালো মেশিন বসিয়ে মাটি উত্তোলন শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে নদী থেকে অবৈধভাবে মাটি তোলার দায়ে ঠিকাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয়দের আরও অভিযোগ, স্কাভেটর মেশিন দিয়ে বাঁধের পাদদেশ থেকেই মাটি কেটে উপরে ভরাট করা হচ্ছে, যার ফলে বাঁধের নিচে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে বর্ষা মৌসুমে বাঁধ ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এছাড়া দরপত্রে বাঁধের প্রস্থ ১৪ ফুট রাখার কথা থাকলেও অনেক স্থানে তা ১০ ফুটে নামিয়ে আনা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে স্থানীয়দের চলাচলে ভোগান্তি বাড়ছে। কাজের স্থানে কোনো প্রকল্পের সাইনবোর্ড না থাকায় ব্যয়, সময়সীমা ও বাস্তবায়ন সংক্রান্ত তথ্য থেকেও বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, বাঁধের নিচ থেকেই মাটি কেটে উপরে দেওয়া হচ্ছে। এতে নিচে বড় বড় গর্ত হয়ে গেছে। শুধু বালু দিয়ে কাজ করলে বাঁধ কতদিন টিকবে তা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।
আরেক বাসিন্দা আব্দুল কাদের বলেন, দরপত্রে ১৪ ফুট রাস্তার কথা থাকলেও অনেক জায়গায় ১০ ফুট করা হয়েছে। এতে চলাচলে সমস্যা হচ্ছে এবং কাজের মান নিয়েও প্রশ্ন রয়েছে।
স্থানীয় গৃহিণী রহিমা বেগম বলেন,বর্ষায় পানি বাড়লে যদি বাঁধ ভেঙে যায় তাহলে আমাদের ঘরবাড়ি ডুবে যাবে। এখনই যদি ঠিকভাবে কাজ না হয়, পরে বড় বিপদ হবে।
স্থানীয় কৃষক রফিকুল ইসলাম (৬৫) অভিযোগ করে বলেন, আশরাফ চেয়ারম্যান, খতিবর আলী, ওহেদ আলী ও আজহারুল ইসলাম—এরা সবাই এই কাজের সঙ্গে জড়িত। আশরাফ চেয়ারম্যান ও খতিবর আলীর নেতৃত্বেই বালু উত্তোলন করে বাঁধের কাজ করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিদর্শনের সময় স্থানীয়দের কাছ থেকে এ ধরনের অভিযোগের বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, চর ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় গঙ্গাচড়া উপজেলায় প্রায় সাড়ে ১৬ কিলোমিটার তিস্তা বাঁধে খালাখন্দ মেরামত ও ঘাস লাগানোর কাজ চলছে। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, তিস্তা বাঁধ তীরবর্তী মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। এখানে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ মেনে নেওয়া হবে না। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কাজ যেন মানসম্মতভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষা মৌসুমে তিস্তা তীরবর্তী বেশ কয়েকটি জনপদ বড় ঝুঁকির মুখে পড়তে পারে।