কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়ায় অবৈধ ডাম্পারে উপজেলার পিচঢালা রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষ ও যান চলাচল ভোগান্তির অন্ত নেই। অবৈধভাবে মাটি কেটে ভাটায় নেওয়ার সময় রাস্তার এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ডাম্পারগুলো অতিরিক্ত মাটি বহন করে নিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর মাটি পড়ে সাধারণ মানুষ ও যান চলাচল বিঘ্নিত হচ্ছে। পরবর্তীতে সামান্য বৃষ্টি হলেই সেই মাটি রাস্তার সঙ্গে মিশে কাদায় পরিণত হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, যেসব সড়ক কয়েক বছর আগেও মসৃণ ও চলাচল উপযোগী ছিল। সেগুলো এখন কাঁচা রাস্তার মতো পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কোন কোন জায়গায় কাদার স্তর এতাই পুরু যে মূল পিচ দেখা যায় না। এতে করে মোটরসাইকেল ও ইজিবাইক চালকদের জন্য চরম ঝুঁকির মধ্যে গাড়ি চালাতে হচ্ছে। রাস্তা দিয়ে চলার সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটতে দেখা যায়। এ গুলোর মধ্যে কলারোয়য়া-খোরদো ও কলারোয়া -সরসকাটী রাস্তা উল্লেখযোগ্য।
রাস্তার দু’পাশে বসবাসকারীদের মধ্যে সংবাদিক জাহিদুল জানান, ডাম্পারগুলোতে অতিরিক্ত বোঝাই করার কারণে চলন্ত অবস্থায় মাটি ছিটকে পড়ে। বিশেষ করে ইটভাটা এলাকার সড়কগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়মিত তদারকি না থাকায় অসাধু চক্র নির্বিঘ্নে এ কাজ চালিয়ে যাচ্ছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।
এলাকাবাসীর দাবি, অবৈধ মাটি কাটা ও ডাম্পার চলাচলে নিয়ন্ত্রণ করা । সাথে সাথে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত পরিষ্কার ও সংস্কার করা প্রয়োজন। অন্যথায় সামান্য বৃষ্টিতেই পিচঢালা সড়কগুলো কাদার সাগরে পরিণত হচ্ছে এবং জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসী জানায়, প্রশাসনের কাছে অভিযোগ করেও অবৈধ মাটি বহনকারী ডাম্পার চলা বন্ধ হয়নি।