চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গৃহকর্তাকে গুলী করে হত্যা করে তিনটি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাতে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চন্দন দে (৭০) ওই এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে একটি মাইক্রোবাসে করে কয়েকজন দুর্বৃত্ত চন্দন দের বাড়িতে প্রবেশ করে। তারা চন্দন দে ও তার প্রতিবেশী নিতাই দের গোয়ালঘরের দরজা ভেঙে তিনটি গরু বের করে নেয়।
এ সময় শব্দ পেয়ে চন্দন দে ঘর থেকে বের হয়ে বাধা দিলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলী ছোড়ে। গুলীবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা গরুগুলো একটি মিনিট্রাকে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস খান জানান, গুলিবিদ্ধ চন্দন দেকে পরিবারের সদস্যরা উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।