গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : গোমস্তাপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন/প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ কন্দ, রাসায়নিক সার, বালাইনাশকসহ বিভিন্ন উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (সকাল ১০টা) উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল হক, ইব্রাহিম খলিল, আল ফুয়াদ, আব্দুর রাকিব ও তৌহিদুল ইসলাম বুলেটসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মোট ২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ ও হলুদের আবাদ সম্প্রসারণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও কৃষকের আয় বৃদ্ধিই এ কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কার্যক্রম সরকারের কৃষিবান্ধব নীতির প্রতিফলন। সঠিকভাবে উপকরণ ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় বাজারে পেঁয়াজ ও হলুদের সরবরাহ নিশ্চিত হবে।
কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়োপযোগী এ সহায়তা তাদের চাষাবাদে নতুন উৎসাহ যোগাবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক হবে।