রাজশাহী ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সঠিক নেতৃত্বের অভাবে স্বাধীনতার ৫৫ বছরেও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। জামায়াতে ইসলামী এদেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করে যাচ্ছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর এক আলোচনা সভা ও সাংস্কৃিতক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর বাটার মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এতে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন, মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। এতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, বাণিজ্য ও কল্যাণ সম্পাদক অধ্যাপক একে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সম্পাদক হাফেজ নুরুজ্জামান, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ১৯৭১ সালে এদেশের মুক্তিকামী জনতা দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। মহান মুক্তিযুদ্ধের মূল আকাক্সক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসন মুক্ত একটি দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও যোগ্য নেতৃত্বের অভাবে আজো দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করে যাচ্ছে। সভাপতির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী এমপি বলেন, গত জুলাইয়ের ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে দেশ আবার নতুন করে দ্বিতীয়বারের মত স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে। কিন্তু পতিত সরকারের দোসররা এবং দেশের কতিপয় স্বার্থান্বেষী মহল বিদেশি আধিপত্যবাদী শক্তির সহায়তায় ছাত্র-জনতার এই গণআন্দোলনকে বিতর্কিত করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনার জন্য অপতৎপরতা শুরু করেছে। এমতাবস্থায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে এবং সজাগ ও সতর্ক থাকতে হবে। সরকারকে কঠোর হতে হবে।