গাজীপুরে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ব্যাপক অনিয়মের প্রমাণ মিলেছে। জনস্বার্থে পরিচালিত এ অভিযানে তিনটি মামলায় মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।

জানা যায়, সদর উপজেলার বিলাশপুর ও দেশীপাড়া এলাকায় এবং কালীগঞ্জ উপজেলার নাগরীস্থ ভুরুলিয়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন এবং অনুমোদিত সীমার বাইরে বিপুল পরিমাণ সিলিন্ডার অবৈধভাবে মজুদ করে রেখেছেন। এ ধরনের অনিয়মের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান পরিচালনায় জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, পুলিশ, আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

অভিযানকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রয়, নির্ধারিত মজুদসীমা মেনে চলা এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক কোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি সাধারণ ক্রেতাদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।